রামুতে প্রতিপক্ষের গুলিতে একজন নিহত হয়েছে। পুলিশের ধারণা-আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা।
শনিবার (২৪ জানুয়ারি) ভোররাতে রামু উপজেলা গর্জনিয়া ইউনিয়নে মাঝিরকাটা বেলতলী কাটা মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়-এলাকায় প্রতিপক্ষ ডাকাত ও সন্ত্রাসী আব্দুর রহিম বাহিনী নিয়ে অতর্কিত শাহিন ডাকাতের সহযোগী শফিউল ইসলাম প্রকাশ লেদা পুতুকে গুলি করে। এতে ঘটনাস্থলেই শফিউল ইসলাম প্রকাশ লেদাপুতু মারা যান। শফিউল ইসলাম প্রকাশ লেদাপুতু মাঝিরকাটা এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে। খবর পেয়ে গর্জনিয়া ফাড়ির এসআই মোঃ জুয়েল চৌধুরী ঘটনাস্থলে যান। পরে পুলিশ মৃতদেহ সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এদিকে শফিউল ইসলাম লেদাপুতুর স্বজনরা দাবী করেছেন, লেদাপুতুু সন্ত্রাসী এলাকার সাহসী এক যুবক-সন্ত্রাসীদের আতংক ছিল। তাকে নিজের লোকদিয়ে ডেকে নিয়ে অতি কাছ থেকে খুন করে বলেও দাবী করেন।
রামু থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভূইয়া দূর্বৃত্তের গুলিতে শফিউল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, মূলত এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে প্রাথমিক ধারণা। শফিউল ইসলামের বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে। এ হত্যাকাণ্ডে যারাই জড়িত থাকুক এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।