বান্দরবানের সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি থানা পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোঃ নাজমুল হক। পরিদর্শনকালে তিনি মাদক চোরাচালান প্রতিরোধ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং পুলিশি কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে থানার কর্মকর্তা ও ফোর্স সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
সোমবার (২২ জুন) সকাল ১১টায় তিনি থানায় পৌঁছালে বান্দরবানের পুলিশ সুপার খন্দকার ওয়াহাবুল হক এবং নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক ফুল দিয়ে তাকে স্বাগত জানান। পরে থানায় আয়োজিত মতবিনিময় সভায় অতিরিক্ত ডিআইজি বলেন, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, জনগণের আস্থা অর্জন, অপরাধ দমন এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম জোরদারে পুলিশ সদস্যদের আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন বান্দরবানের পুলিশ সুপার খন্দকার ওয়াহাবুল হক। তিনি উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সীমান্ত এলাকায় চলমান মাদকবিরোধী অভিযান এবং থানার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অতিরিক্ত ডিআইজিকে অবহিত করেন।
পরিদর্শন শেষে ঊর্ধ্বতন কর্মকর্তারা নাইক্ষ্যংছড়ি থানার বিভিন্ন শাখার কার্যক্রম পর্যালোচনা করেন এবং অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হকসহ কর্মরত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি পুলিশি কার্যক্রমকে আরও কার্যকর, জনমুখী ও সেবাধর্মী করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা দেন। বেলা ৩ টায় তিনি নাইক্ষ্যংছড়ি ত্যাগ করে চট্টগ্রামের উদ্দেশ্য রওয়ানা দেন।