আলীকদমে ইয়াবা সেবনের অপরাধে টমটমচালককে ৬ মাসের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
 ছবি:
ছবি:

বান্দরবানের আলীকদমে ইয়াবা সেবনের অপরাধে মোহাম্মদ সাজ্জাত (২০) নামে এক টমটমচালককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নয়াপাড়া ইউনিয়নের পূর্ব পালংপাড়া ক্যান্টনমেন্ট রোড এলাকায় চেকপোস্টে তল্লাশির সময় তার কাছ থেকে দুই পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

সাজাপ্রাপ্ত মোহাম্মদ সাজ্জাত আলীকদম উপজেলার ৩ নম্বর নয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাগানপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম নুর মোহাম্মদ।

 

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১টা থেকে সোয়া ২টা পর্যন্ত আলীকদমের পূর্ব পালংপাড়া ক্যান্টনমেন্ট রোড এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেকপোস্ট কার্যক্রম চলছিল। এ সময় একটি সন্দেহজনক টমটম গাড়ি থামিয়ে চালক মোহাম্মদ সাজ্জাতকে তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে তার পরনের প্যান্টের পকেট থেকে দুই পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

 

বিষয়টি আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর আলমকে জানানো হয়। খবর পেয়ে তিনি আলীকদম থানার নিয়মিত মোবাইল-৬ ডিউটি পার্টির সদস্যদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। সেখানে আটক সাজ্জাতকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ইয়াবা সেবনের কথা স্বীকার করেন বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

 

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর আলম ইয়াবা সেবনের অপরাধে মোহাম্মদ সাজ্জাতকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেন। 

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর আলম বলেন, প্রশাসনের পক্ষ থেকে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। ইয়াবা সেবন ও মাদক বহনের সঙ্গে জড়িতদেরকে কোন ছাড় দেওয়া হবে না।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত